নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের পুলিশ লাইন এলাকায় বৃহস্পতিবার দুপুরে একটি বেআইনি স্ক্র্যাপ গোডাউনে উত্তেজিত ট্রাকচালকদের ব্যাপক ভাঙচুরের ঘটনায় প্রবল উত্তেজনা ছড়াল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে শহরের রাঙামাটি সহ বিভিন্ন এলাকা থেকে ট্রাকের ব্যাটারি চুরির ঘটনা ঘটছিল, যা নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন ট্রাকচালকরা। বৃহস্পতিবার দুপুরে এক চোরকে ব্যাটারি চুরির সময় হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর জনতা ও ট্রাকচালকদের জেরার মুখে ওই চোর কবুল করে যে, চুরি করা সমস্ত ব্যাটারি পুলিশ লাইন এলাকার ওই নির্দিষ্ট স্ক্র্যাপ গোডাউনে বিক্রি করা হতো। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ ট্রাকচালকরা ও স্থানীয় মানুষজন গোডাউনটিতে চড়াও হন এবং ব্যাপক ভাঙচুর শুরু করেন।

উত্তেজিত জনতা গোডাউনের ভেতরে থাকা ভাঙাচোরা লোহালক্কড় ও অন্যান্য সামগ্রী রাস্তার ওপর ফেলে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ট্রাকচালকদের অভিযোগ, ওই গোডাউনটি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে চলছিল এবং সেখানে চোরাই মালপত্র কেনাবেচা হতো। ঘটনার খবর পেয়েই মেদিনীপুর কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে জনরোষের আঁচ করতে পেরে গোডাউনের মালিক ও কর্মীরা আগেভাগেই সেখান থেকে চম্পট দেন। পুলিশ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা এবং ট্রাকচালকদের প্রধান ক্ষোভ প্রশাসনের ভূমিকা নিয়ে। তাঁদের দাবি, খোদ পুলিশ লাইন এলাকায় প্রশাসনের নাকের ডগায় কীভাবে এতদিন এমন একটি বেআইনি কারবার চলছিল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। পুলিশের পক্ষ থেকে কোনো কঠোর পদক্ষেপ না নেওয়ার কারণেই চোরদের সাহস বেড়েছে বলে তাঁদের অভিযোগ। কোতোয়ালি থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং ওই গোডাউনের মালিকের সন্ধানে তল্লাশি শুরু করেছে। এই ঘটনার জেরে মেদিনীপুর শহরের আইনশৃঙ্খলার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
