Friday, March 13, 2026
HomeWest Bengalআরটিও ও পুলিশের ‘জুলুমবাজি’: মেদিনীপুরে আলু ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ চালকদের

আরটিও ও পুলিশের ‘জুলুমবাজি’: মেদিনীপুরে আলু ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ চালকদের

তাঁদের অভিযোগ, বর্তমানে মাঠ থেকে আলু তুলে কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়ার ভরা মরশুম চলছে, আর এই সময়েই আরটিও (RTO) ও পুলিশ নানা অছিলায় গাড়ি আটকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করছে। আন্দোলনকারীদের দাবি, এটি সরাসরি প্রশাসনের ‘জুলুমবাজি’ ছাড়া আর কিছুই নয়।

নিজস্ব সংবাদদাতা : গাড়িতে আলু পরিবহণ করার সময় মোটা অঙ্কের জরিমানা এবং অহেতুক মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল মেদিনীপুর সদর ব্লকের এনায়েতপুর এলাকা। বৃহস্পতিবার দুপুরে এনায়েতপুর সংলগ্ন রাস্তায় আলু ঢেলে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন পিকআপ ভ্যান সহ বিভিন্ন ছোট গাড়ির মালিক, চালক ও খালাসিরা। তাঁদের অভিযোগ, বর্তমানে মাঠ থেকে আলু তুলে কোল্ড স্টোরেজে নিয়ে যাওয়ার ভরা মরশুম চলছে, আর এই সময়েই আরটিও (RTO) ও পুলিশ নানা অছিলায় গাড়ি আটকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করছে। আন্দোলনকারীদের দাবি, এটি সরাসরি প্রশাসনের ‘জুলুমবাজি’ ছাড়া আর কিছুই নয়।

বিক্ষোভকারী চালকদের বক্তব্য, ছোট গাড়ির মালিকদের পক্ষে এত বিপুল পরিমাণ টাকা জরিমানা দেওয়া অসম্ভব। আলু চাষ ও পরিবহণের সঙ্গে যুক্ত এই শ্রমিকরা জানাচ্ছেন যে, পুলিশের এই কড়াকড়ির ফলে তাঁদের জীবিকা সংকটের মুখে পড়েছে। রাস্তা আটকে এবং আলু ছড়িয়ে দিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা, যার ফলে ওই গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ছোট গাড়ির মালিকদের ওপর চলা এই প্রশাসনিক চাপ বন্ধ না হলে আন্দোলন আরও বড় আকার নেবে বলে তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। যদিও দীর্ঘক্ষণ অবরোধ চলার কারণে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। আলু চাষিদের আর্থিক সংকট এবং তার ওপর এই ধরণের পুলিশি সক্রিয়তা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই বিক্ষোভের জেরে প্রশাসনের পক্ষ থেকে আগামী দিনে কোনো নমনীয় পদক্ষেপ নেওয়া হয় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন মেদিনীপুরের আলু পরিবহণকারী শ্রমিক ও মালিক পক্ষ।

RELATED ARTICLES

Most Popular