Saturday, March 14, 2026
HomeWest Bengalঝাড়গ্রামে পুলিশের মানবিক উদ্যোগ: দুঃস্থদের সহায়তা ও ছাত্রছাত্রীদের জন্য ‘দিশা কোচিং সেন্টার’-এর...

ঝাড়গ্রামে পুলিশের মানবিক উদ্যোগ: দুঃস্থদের সহায়তা ও ছাত্রছাত্রীদের জন্য ‘দিশা কোচিং সেন্টার’-এর সূচনা

এই কেন্দ্রের মাধ্যমে প্রথম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়মিত পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা মাধ্যমিক পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারে।

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার উদ্যোগে শুক্রবার বিকেলে ভেলিয়াডিহা গ্রাম পঞ্চায়েতের ধূলিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি বিশেষ ‘সহায় ক্যাম্প’ ও শিক্ষা সংক্রান্ত কর্মসূচির আয়োজন করা হয়। এই শিবিরের মূল লক্ষ্য ছিল স্থানীয় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানো এবং এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনার মানোন্নয়নে সহায়তা করা। অনুষ্ঠানের শুরুতেই এলাকার অভাবী মানুষের হাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শাড়ি ও মশারি তুলে দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানের একটি অন্যতম প্রধান আকর্ষণ ছিল “দিশা কোচিং সেন্টার”-এর উদ্বোধন। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার মানব সিংলা নিজে এই কোচিং সেন্টারের আনুষ্ঠানিক সূচনা করেন। এই কেন্দ্রের মাধ্যমে প্রথম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়মিত পাঠদানের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের জন্য বিশেষ কোচিংয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে তারা মাধ্যমিক পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। উদ্বোধন শেষে পড়ুয়াদের হাতে খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এদিনের অনুষ্ঠানে এক অভিনব দৃশ্য দেখা যায়। উপস্থিত ছাত্রছাত্রীরা তাদের হাতে “বাল্যবিবাহ বন্ধ করুন”, “এখন বিয়ে নয়” ও “আগে পড়াশোনা পরে বিয়ে” লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে একটি সচেতনতামূলক প্রচার চালায়। খুদে পড়ুয়াদের এই বার্তার মাধ্যমে এলাকায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়।

এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার মানব সিংলা, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) গুলাম সারোয়ার, বেলপাহাড়ির এসডিপিও অয়ন সাধু এবং বেলপাহাড়ি থানার আইসি স্বরূপ মুখার্জি। পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিপুল উপস্থিতি অনুষ্ঠানটিকে সার্থক করে তোলে। পুলিশের এই ধরনের জনমুখী কাজের ভূয়সী প্রশংসা করেছেন ধূলিয়া গ্রাম ও সংলগ্ন এলাকার মানুষ।

RELATED ARTICLES

Most Popular