Saturday, February 21, 2026
HomeJhargramগোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে কমিউনিটি হল নির্মাণে দুর্নীতির অভিযোগ ! তদন্তের দাবিতে...

গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকে কমিউনিটি হল নির্মাণে দুর্নীতির অভিযোগ ! তদন্তের দাবিতে সরব আদিবাসী সংগঠন

অন্যদিকে, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি জানিয়েছেন যে, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং তিনি ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু করেছেন।

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ছাতিনাশোলে ব্লক অফিস চত্বরে একটি কমিউনিটি হল নির্মাণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের সামাজিক ও সাংস্কৃতিক প্রয়োজনে কয়েক লক্ষ টাকা ব্যয়ে এই ভবনটি তৈরির উদ্যোগ নেওয়া হলেও, শুরু থেকেই এর কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয়রা। বিশেষ করে আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ভবনটি তৈরিতে অত্যন্ত নিম্নমানের ইট, সিমেন্ট ও অন্যান্য নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সংগঠনের দাবি, সরকারের বরাদ্দ করা বিপুল পরিমাণ অর্থ তছরুপ করা হচ্ছে এবং নির্ধারিত মান বজায় না রেখেই দায়সারাভাবে কাজ চালানো হচ্ছে।

নির্মাণকাজে স্বচ্ছতার অভাব নিয়ে অভিযোগ তুলে সংগঠনের প্রতিনিধি ঢাঙ্গা হাঁসদা জানিয়েছেন যে, কত টাকার কাজ হচ্ছে বা এর নকশা কেমন, সেই সংক্রান্ত কোনো নথিপত্র দেখতে চাইলেও ঠিকাদার সংস্থা তা দেখাতে অস্বীকার করছে। অভিযোগ আরও গুরুতর রূপ নিয়েছে কারণ শোনা যাচ্ছে যে, যে সংস্থাটি এই কাজের টেন্ডার পেয়েছিল, তারা নিজেরা কাজ না করে অন্য একটি সংস্থাকে দিয়ে সাব-কন্ট্রাক্টে কাজ করাচ্ছে। এর ফলে নির্মাণের মান যেমন খারাপ হচ্ছে, তেমনই সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে দাবি তোলা হয়েছে। আদিবাসী সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত না হলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

এই বিতর্কের প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকেও প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন কুমার প্রামাণিক জানিয়েছেন যে, সংশ্লিষ্ট প্রকল্পটি সরাসরি তাঁদের দপ্তরের মাধ্যমে রূপায়িত হচ্ছে না, তবে অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। অন্যদিকে, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি জানিয়েছেন যে, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং তিনি ইতিমধ্যেই খোঁজখবর নেওয়া শুরু করেছেন। তিনি সাফ জানিয়েছেন যে, সরকারি কাজে কোনো ধরণের দুর্নীতি বা নিম্নমানের সামগ্রী ব্যবহার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যদিও অভিযুক্ত ঠিকাদার সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। আপাতত প্রশাসনের উচ্চপর্যায়ে এই দুর্নীতির অভিযোগ জমা পড়েছে এবং তদন্তের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

RELATED ARTICLES

Most Popular