নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার সমৃদ্ধ প্রাণীবৈচিত্রে যুক্ত হলো এক নতুন ও বিরল অধ্যায়। এবার ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের কাঁকড়াঝোর জঙ্গলে দেখা মিলেছে অত্যন্ত বিরল প্রজাতির প্রাণী ‘হানি ব্যাজার’-এর। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জঙ্গলের গভীরে বসানো ট্র্যাপ ক্যামেরায় এই এশীয় হানি ব্যাজারের ছবি ধরা পড়েছে। রাজ্যের বন্যপ্রাণী মানচিত্রে ঝাড়গ্রাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এই ঘটনা তারই প্রমাণ। সম্ভবত রাজ্যের মধ্যে দ্বিতীয়বারের মতো ঝাড়গ্রামের জঙ্গলে এই বিশেষ প্রজাতির প্রাণীর সন্ধান মিলল বলে মনে করছেন বনদপ্তরের আধিকারিকদের একটি বড় অংশ। এই আবিষ্কারের ফলে স্বাভাবিকভাবেই খুশি বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও বনকর্মীরা।

উল্লেখ্য যে, বেশ কিছুদিন আগে ঝাড়গ্রামের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ‘জিনাত’-এর গতিবিধির ওপর নজর রাখতে বিভিন্ন এলাকায় অসংখ্য ট্র্যাপ ক্যামেরা বসিয়েছিল বনদপ্তর। সেই সময় থেকেই জঙ্গলের লুকানো প্রাণীদের অনেক চমকপ্রদ তথ্য সামনে আসতে শুরু করে। বাঘের সন্ধানে লাগানো সেই ক্যামেরাতেই এবার ধরা দিল এই হানি ব্যাজার। এর আগে বেলপাহাড়ির বাঁশপাহাড়ি রেঞ্জের জঙ্গলে ভালুকের উপস্থিতিও ধরা পড়েছিল একই প্রক্রিয়ায়। একের পর এক বিলুপ্তপ্রায় বা বিরল বন্যপ্রাণীর দেখা মেলায় কাঁকড়াঝোর ও সংলগ্ন জঙ্গলগুলির গুরুত্ব বহুগুণ বেড়ে গিয়েছে।

হানি ব্যাজার বা মধুভুক এই প্রাণীটি অত্যন্ত সাহসী ও বুদ্ধিমান হিসেবে পরিচিত। ঝাড়গ্রামের মতো জনপদ সংলগ্ন গভীর জঙ্গলে এদের উপস্থিতি ইঙ্গিত দেয় যে এখানকার বাস্তুতন্ত্র বন্যপ্রাণীদের বসবাসের জন্য এখনও বেশ অনুকূল। বনদপ্তরের পক্ষ থেকে এই বিরল প্রাণীর সুরক্ষা ও গতিবিধির ওপর এখন কড়া নজর রাখা হচ্ছে। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া এই ছবিগুলি বন্যপ্রাণী গবেষণার ক্ষেত্রেও নতুন পথ দেখাবে বলে মনে করা হচ্ছে। ঝাড়গ্রামের জঙ্গলে একের পর এক বিরল প্রাণীর আনাগোনা স্থানীয় প্রকৃতি প্রেমীদের মধ্যেও ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।
