নিজস্ব সংবাদদাতা : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত রবিবার মেদিনীপুর শহরে এক প্রতিবাদী ও বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেছিল মহিলা তৃণমূল কংগ্রেস। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে অস্থিরতার দোহাই দিয়ে সম্প্রতি ঘরোয়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি এক লাফে ৬০ টাকা বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এই সিদ্ধান্তের ফলে সাধারণ গৃহস্থের হেঁশেলে যে ‘ছেঁকা’ লেগেছে, তারই প্রতিবাদে রাজপথে নামেন তৃণমূলের প্রমিলা বাহিনী। মেদিনীপুর বিদ্যাসাগর হল প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই মিছিলে কয়েকশ মহিলা কর্মী-সমর্থক সিলিন্ডারের কাটআউট এবং হাতা-খুন্তি হাতে নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন।

এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, বিশিষ্ট মহিলা তৃণমূল নেত্রী মৌ রায় এবং প্রদ্যুৎ ঘোষ সহ তৃণমূলের জেলা ও ব্লক স্তরের শীর্ষ নেতৃত্ব। মিছিল থেকে নেত্রীরা অভিযোগ করেন যে, যখন রাজ্য সরকার ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মাধ্যমে মহিলাদের আর্থিক সহায়তা দিচ্ছে, তখন কেন্দ্র সরকার বারবার গ্যাসের দাম বাড়িয়ে সেই টাকা সাধারণ মানুষের পকেট থেকে কেড়ে নিচ্ছে। তাঁদের দাবি, ঘরোয়া গ্যাসের দাম বৃদ্ধির ফলে কেবল নিম্নবিত্ত নয়, মধ্যবিত্ত পরিবারের বাজেটও পুরোপুরি ভেঙে পড়েছে। মিছিলটি মেদিনীপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এবং ‘নো গ্যাস, নো রান্না’ স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলে।

উল্লেখ্য, কলকাতার ধর্মতলায় এসআইআর (SIR) বিরোধী ধর্নামঞ্চ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়েই এদিন মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কালো শাড়ি ও কালো পোশাকে সেজে মহিলারা এই অভিনব বিক্ষোভে সামিল হন। তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি, অবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে এবং রান্নার গ্যাসের বুকিং সংক্রান্ত বিতর্কিত ‘২১ দিনের নিয়ম’ বাতিল না করা হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হবে। নারী দিবসের এই মঞ্চ থেকে মূলত কেন্দ্র-বিরোধী রাজনৈতিক লড়াইয়ের মেজাজটাই আরও একবার স্পষ্ট করে দিল ঘাসফুল শিবির।
