Monday, March 2, 2026
HomeWest Bengalজুতো খুলেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ! কড়া নিরাপত্তায় সম্পন্ন হলো রাজ্যজুড়ে এসএসসি...

জুতো খুলেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ! কড়া নিরাপত্তায় সম্পন্ন হলো রাজ্যজুড়ে এসএসসি গ্রুপ সি পরীক্ষা

এবারের পরীক্ষার সবথেকে আলোচিত বিষয় ছিল জুতোর ওপর কঠোর নিষেধাজ্ঞা। নকল রোধ করতে এবং প্রশ্নফাঁসের সম্ভাবনা রুখতে কমিশন প্রথমবার নির্দেশ দিয়েছিল যে, কোনো পরীক্ষার্থী বুট বা ঢাকা জুতো পরে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে পারবেন না।

নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ সময় পর বিতর্ক ও আইনি জটিলতা কাটিয়ে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গ্রুপ সি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো। অতীত দুর্নীতির কালো দাগ মুছে স্বচ্ছতা বজায় রাখতে এবার রাজ্যজুড়ে নজিরবিহীন কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছিল কমিশন। রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে পরীক্ষার্থীদের ভিড় চোখে পড়ে। দুপুর ১২টায় পরীক্ষা শুরু হলেও কড়া তল্লাশির কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। ১টা ৫০ মিনিটে এই পরীক্ষা শেষ হয়। প্রশাসন ও কমিশন সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন কোথাও কোনো বড় ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এবারের পরীক্ষার সবথেকে আলোচিত বিষয় ছিল জুতোর ওপর কঠোর নিষেধাজ্ঞা। নকল রোধ করতে এবং প্রশ্নফাঁসের সম্ভাবনা রুখতে কমিশন প্রথমবার নির্দেশ দিয়েছিল যে, কোনো পরীক্ষার্থী বুট বা ঢাকা জুতো পরে পরীক্ষাকক্ষে প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশের ফলে কয়েক হাজার পরীক্ষার্থীকে চটি পরে আসতে দেখা যায়, আবার অনেক কেন্দ্রে চটি না থাকায় অনেককে খালি পায়েই পরীক্ষা দিতে হয়। পরীক্ষাকেন্দ্রের মূল গেটেই জুতো খুলে রাখার ব্যবস্থা করা হয়েছিল। এমন কড়াকড়ি আগে কোনো নিয়োগ পরীক্ষায় দেখা যায়নি বলে জানিয়েছেন পরীক্ষার্থীদের অনেকেই। কমিশনের এই ‘অ্যান্টি-চিটিং’ পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও স্বচ্ছতা বজায় রাখতে একে প্রয়োজনীয় বলে মনে করছে শিক্ষা মহল।

জুতোর পাশাপাশি মোবাইল ফোন, স্মার্টওয়াচ বা যেকোনো ধরণের ইলেকট্রনিক গ্যাজেট পরীক্ষাকেন্দ্রের ভেতর নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। প্রতিটি কেন্দ্রের প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে কড়া তল্লাশি চালিয়েছেন পুলিশ কর্মীরা। এমনকি কলম বা জলের বোতল নিয়েও ছিল বিশেষ নিয়মাবলী। পরীক্ষা চলাকালীন প্রতিটি কক্ষে সিসিটিভি নজরদারির পাশাপাশি ভিডিওগ্রাফিও করা হয়েছে। বাইরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে এবং যোগ্য প্রার্থীদের অধিকার রক্ষা করতেই এই ধরণের কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। আজকের এই পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় স্বস্তিতে কমিশন কর্তৃপক্ষ।

RELATED ARTICLES

Most Popular