Saturday, February 14, 2026
HomePaschim Medinipurমেদিনীপুর সদরে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন ও সচেতনতামূলক প্রচার কর্মসূচি

মেদিনীপুর সদরে বিশ্ব জলাতঙ্ক দিবস উদযাপন ও সচেতনতামূলক প্রচার কর্মসূচি

চিকিৎসকরা উপস্থিত ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের উদ্দেশ্যে জলাতঙ্ক রোগের ভয়াবহতা এবং এই রোগ প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কোনো প্রাণীর কামড় বা আঁচড় খেলে তাৎক্ষণিকভাবে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং নিয়মিত টিকাকরণের গুরুত্ব সম্পর্কেও সচেতনতামূলক প্রচার চালানো হয়।

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে শুক্রবার ‘বিশ্ব জলাতঙ্ক দিবস ও প্রাণিকল্যাণ পক্ষ’ বিশেষভাবে উদযাপিত হয়েছে। তেল্যা বিদ্যাসাগর বিদ্যামন্দিরের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাপতি উর্মিলা সাউ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরূপ কুমার ঘোষ এবং ব্লক প্রাণিসম্পদ বিকাশ উন্নয়ন আধিকারিক ডা. শিবপ্রসাদ ঘোড়াই। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা. স্বদেশ জানা ও ডা. মৃণাল কান্তি রানা। স্থানীয় পঞ্চায়েত সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীর পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিবু রানা ও তাঁর সহযোগীরাও এই কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে জলাতঙ্ক রোগ সম্পর্কে সচেতন করা এবং প্রাণীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা।

আলোচনা পর্বের পাশাপাশি ওই এলাকায় একটি প্রাণি স্বাস্থ্য শিবির পরিচালনা করা হয়, যেখানে স্থানীয় পথকুকুরদের অ্যান্টি-রেবিস ভ্যাকসিন বা জলাতঙ্ক প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে। চিকিৎসকরা উপস্থিত ছাত্র-ছাত্রী ও গ্রামবাসীদের উদ্দেশ্যে জলাতঙ্ক রোগের ভয়াবহতা এবং এই রোগ প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কোনো প্রাণীর কামড় বা আঁচড় খেলে তাৎক্ষণিকভাবে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং নিয়মিত টিকাকরণের গুরুত্ব সম্পর্কেও সচেতনতামূলক প্রচার চালানো হয়। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন এবং এর ফলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular