নিজস্ব সংবাদদাতা : বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র দাবিতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি (ABTA)-র ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে শুক্রবার মেদিনীপুর শহরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ১৩ মার্চ শুক্রবার সকাল থেকেই ধর্মঘটের সমর্থনে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিকে ঘিরে শহরের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালক ও বালিকা বিদ্যালয়ের সামনে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তারা স্কুলের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের ভেতরে প্রবেশ করতে বাধা দেন। স্কুল গেট আটকে বিক্ষোভ দেখানোয় বিপাকে পড়ে খুদে পড়ুয়ারা। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ধর্মঘট সমর্থকদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে দু-পক্ষের মধ্যে ধস্তাধস্তির উপক্রম হয়, যার ফলে দীর্ঘক্ষণ স্কুল চত্বরে চরম উত্তেজনা বজায় ছিল।

অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীদের গেট থেকে সরিয়ে দেওয়া হয় এবং কড়া নিরাপত্তায় ছাত্রছাত্রীদের স্কুলের ভেতরে প্রবেশের ব্যবস্থা করা হয়। দীর্ঘক্ষণ টানাপড়েন চললেও শেষ পর্যন্ত উত্তেজনার আবহেই পড়ুয়ারা ক্লাসে ঢুকতে সক্ষম হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, শহরের আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া নজরদারি চালানো হচ্ছে।
