নিজস্ব সংবাদদাতা : সারা দেশজুড়ে বর্তমান গ্যাস পরিস্থিতির মাঝে পশ্চিম মেদিনীপুর জেলায় এলপিজি (LPG) সরবরাহ স্বাভাবিক রাখতে কোমর বেঁধে নামল জেলা প্রশাসন। শনিবার দুপুরে মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে এই বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালীর উপস্থিতিতে আয়োজিত এই বৈঠকে তেল সংস্থাগুলোর প্রতিনিধি এবং এলপিজি ডিস্ট্রিবিউটররা অংশগ্রহণ করেন।

বৈঠকের মূল নির্যাস:
মনিটরিং কমিটি গঠন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে জেলা স্তরে একটি ‘LPG মনিটরিং কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটি জেলার প্রতিটি কোণায় গ্যাসের জোগান ও মজুতের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাবে।
অগ্রাধিকার ভিত্তিক সরবরাহ: স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, হাসপাতাল, হোস্টেল এবং সাধারণ মানুষের বাড়িতে যাতে কোনোভাবেই রান্নার গ্যাসের অভাব না ঘটে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
পর্যাপ্ত মজুত: তেল কোম্পানি ও ডিস্ট্রিবিউটরদের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিম মেদিনীপুর জেলায় বর্তমানে রান্নার গ্যাসের পর্যাপ্ত স্টক রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক।

গুজবে কান না দেওয়ার আবেদন:
জেলাশাসক ও পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন যে, বিভিন্ন সময়ে অসাধু চক্রের ছড়ানো গুজবের জেরে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন এবং প্রয়োজনে অতিরিক্ত সিলিন্ডার মজুত (Panic Buying) করার চেষ্টা করছেন। প্রশাসন আশ্বস্ত করেছে যে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ ও প্রশাসনের এই বিশেষ কমিটি ডিস্ট্রিবিউটরদের সাথে সমন্বয় রেখে কাজ করছে যাতে কোনো কালোবাজারি বা কৃত্রিম সংকট তৈরি না হয়।
