Thursday, March 12, 2026
HomeWest Bengalঝাড়গ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: পুলিশের জালে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের দুই...

ঝাড়গ্রামে বিপুল পরিমাণ মাদক উদ্ধার: পুলিশের জালে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের দুই পাণ্ডা

ঝাড়গ্রাম থানা সূত্রের খবর, মঙ্গলবার রাতে মুম্বাই থেকে কলকাতা অভিমুখে যাওয়া একটি লরিতে বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছে বলে আইসি কৌশিক সাউয়ের কাছে গোপন সূত্রে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে ৪৯ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং ও তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলা পুলিশের এক বিশেষ অভিযানে প্রায় এক কুইন্টাল বা ১০০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় লরির চালক ও খালাসিকে গ্রেফতার করার পাশাপাশি মাদক বহনের কাজে ব্যবহৃত লরিটিকেও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। ঝাড়গ্রাম থানা সূত্রের খবর, মঙ্গলবার রাতে মুম্বাই থেকে কলকাতা অভিমুখে যাওয়া একটি লরিতে বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছে বলে আইসি কৌশিক সাউয়ের কাছে গোপন সূত্রে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে ৪৯ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা চেকিং ও তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।

অভিযান চলাকালীন ঝাড়গ্রাম থানার অন্তর্গত ফাঁসিতলা এলাকায় সন্দেহভাজন লরিটিকে দেখতে পান সাব-ইন্সপেক্টর উমাশঙ্কর পইড়া। তড়িঘড়ি গাড়িটিকে আটকে তিনি থানার আইসি-কে খবর দেন। এরপর বিশাল পুলিশ বাহিনী এবং জয়েন্ট বিডিও-র উপস্থিতিতে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধরে চলা এই তল্লাশিতে লরির ভেতর থেকে একের পর এক প্যাকেট উদ্ধার হতে থাকে, যার মধ্যে থেকে প্রায় ১০০ কেজি মাদক উদ্ধার হয়। সামনেই নির্বাচন, আর তার ঠিক আগেই এই বিপুল পরিমাণ অবৈধ মাদক উদ্ধারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই পাচারকারীকে আগামীকাল ঝাড়গ্রাম আদালতে পেশ করা হবে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চক্রের শিকড় অনেক গভীরে এবং এর সঙ্গে আন্তঃরাজ্য কোনো বড় পাচারকারী গোষ্ঠীর যোগসূত্র থাকতে পারে। এই চক্রের পেছনে অন্য কোনো মাথা বা কোনো প্রভাবশালী গোষ্ঠী জড়িত কি না, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। অবৈধ মাদক পাচার রুখতে জাতীয় সড়কে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular