Saturday, April 18, 2026
HomeWest Bengalগোয়ালতোড়ে অধ্যাপিকা পায়েল পাত্রের উদ্যোগে বর্ণাঢ্য বসন্ত উৎসব উদযাপন

গোয়ালতোড়ে অধ্যাপিকা পায়েল পাত্রের উদ্যোগে বর্ণাঢ্য বসন্ত উৎসব উদযাপন

সৃষ্টি ড্যান্স একাডেমির কয়েকশ ছাত্রছাত্রী ও স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পুরো এলাকা এক মায়াবী সাংস্কৃতিক আবহে ভরে ওঠে। উৎসবের মূল ভাবনা ও রূপায়ণে ছিলেন একাডেমির কর্ণধার অধ্যাপিকা পায়েল পাত্র নিজে। অনুষ্ঠানের দিন সকালে প্রায় পাঁচশ ছাত্রছাত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় যা সমগ্র গোয়ালতোড় শহর প্রদক্ষিণ করে। পদযাত্রা শেষে পায়েল পাত্র হুমগড় মোড়ে অবস্থিত বীর বিপ্লবী সিধু-কানুর মূর্তি এবং বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় এলাকায় বিশিষ্ট নৃত্যশিল্পী তথা অধ্যাপিকা পায়েল পাত্রের উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বসন্ত উৎসব পালিত হয়েছে। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের ছোঁয়া গোয়ালতোড়ের মাটিতে পৌঁছে দিতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৃষ্টি ড্যান্স একাডেমির কয়েকশ ছাত্রছাত্রী ও স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পুরো এলাকা এক মায়াবী সাংস্কৃতিক আবহে ভরে ওঠে। উৎসবের মূল ভাবনা ও রূপায়ণে ছিলেন একাডেমির কর্ণধার অধ্যাপিকা পায়েল পাত্র নিজে। অনুষ্ঠানের দিন সকালে প্রায় পাঁচশ ছাত্রছাত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় যা সমগ্র গোয়ালতোড় শহর প্রদক্ষিণ করে। পদযাত্রা শেষে পায়েল পাত্র হুমগড় মোড়ে অবস্থিত বীর বিপ্লবী সিধু-কানুর মূর্তি এবং বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।

এই বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের গৌরব বৃদ্ধি করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ জয়ন্ত কিশোর নন্দী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেবীপ্রসাদ পাঁজা, বাচিক শিল্পী পায়েল সামন্ত এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চন্দন সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী দীনবন্ধু দে, জাতীয় স্তরের চিত্রশিল্পী অর্ণব পাল, গোয়ালতোড় কলেজের অধ্যাপক শেখ আমিরুল হক ও শ্রী হাজরা, বিশিষ্ট উদ্যোগপতি সুরজিৎ ঘোষ এবং শিক্ষক রূপক চৌধুরী, দীনেশ পাঁজা, কৌশিক দাস ও রঞ্জিত মন্ডল। অতিথিরা তাঁদের বক্তব্যে সৃষ্টি ড্যান্স একাডেমির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান এবং আগামী দিনে এই প্রতিষ্ঠান যেন আরও বড় আকারে বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে পারে সেই শুভকামনা জানান। গুণীজন সংবর্ধনা পর্বের পর শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে প্রায় চারশ জন ছাত্রছাত্রী তাঁদের অসাধারণ নৃত্যশৈলী প্রদর্শন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কচিকাঁচারা একে অপরকে আবির ও রঙে রাঙিয়ে দিয়ে বসন্তের আনন্দ ভাগ করে নেয়। পুরো অনুষ্ঠান মঞ্চ এবং চারপাশের পরিবেশকে চিত্রশিল্পী অভিজিৎ পাত্র তাঁর অনন্য শিল্প ভাবনায় সাজিয়ে তুলেছিলেন, যা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে সকল উপস্থিত মানুষের জন্য মধ্যাহ্নভোজের সুব্যবস্থা ছিল। একাডেমির কর্ণধার পায়েল পাত্র জানান যে, এলাকাবাসীর উৎসাহ ও ভালোবাসা তাঁকে অভিভূত করেছে। তিনি তাঁর এই সফল আয়োজনের জন্য ছাত্রছাত্রী, অভিভাবক এবং সকল শুভাকাঙ্ক্ষীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরও জানান যে, আগামী বছরগুলোতে আরও নতুন ভাবনা এবং বড় পরিসরে গোয়ালতোড়বাসীকে এই বসন্ত উৎসব উপহার দেওয়াই তাঁর প্রধান লক্ষ্য।

RELATED ARTICLES

Most Popular