নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রামের প্রধান ডাকঘরে অবস্থিত পাসপোর্ট অফিসে এক ইমেল বার্তাকে কেন্দ্র করে আজ সকালে তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ১১টা নাগাদ পোস্ট মাস্টারের কাছে একটি উড়ো ইমেল আসে, যেখানে দাবি করা হয় যে পাসপোর্ট অফিস চত্বরে শক্তিশালী আইইডি বিস্ফোরক রাখা আছে। এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে অফিসের সমস্ত কর্মী ও পাসপোর্টের কাজে আসা সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। পরিস্থিতি মোকাবিলায় ঝাড়গ্রাম থানার পুলিশ এবং বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে গোটা পোস্ট অফিস ও পাসপোর্ট অফিস এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং পুলিশ ও বিশেষজ্ঞ দল প্রতিটি কোণ তল্লাশি করে দেখছে। এমনকি অফিসে আসা সমস্ত পার্সেল এবং প্যাকেটগুলোও বিশেষ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে আপাতত ডাকঘর ও পাসপোর্ট অফিসের সমস্ত কাজ বন্ধ রাখা হয়েছে।

ডাকঘর কর্তৃপক্ষের কাছে আসা ওই ইমেলে অত্যন্ত চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। প্রেরকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তামিলনাড়ু পুলিশের কনস্টেবলদের দিয়ে নিবেদিতা পেথুরাজ এবং অনন্যারা বাড়ির কাজ করান, যা ওই কনস্টেবলদের জন্য অত্যন্ত অপমানজনক। এই ধরণের ঘটনার প্রতিবাদ ও দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যেই ‘আজাদ কাশ্মীর আইএসআই সেল’ পাসপোর্ট অফিসকে টার্গেট করে একটি অপারেশন পরিচালনা করছে। ইমেলে দাবি করা হয়েছে যে, অফিসের ভেতরে ইতিমধ্যে ১৯টি গ্যাস চালিত আরডিএক্স (RDX) বিস্ফোরক বসানো হয়েছে। আরও জানানো হয়েছে যে, কলকাতা অফিসের কাছাকাছি থাকা এক বা দুইজন সদস্য দুপুরে লাঞ্চের সময় অফিসের কাছে পৌঁছালেই এই বিস্ফোরকগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে উঠবে। ‘তামিলনাড়ু রিট্রিভাল ট্রুপস তামিলনাড়ু টাইগার্স’-এর পক্ষ থেকে এই হুমকি মেলটি পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এই ঘটনার জেরে ঝাড়গ্রাম শহরের জনবহুল ওই এলাকায় ব্যাপক পুলিশি তৎপরতা শুরু হয়েছে। পুলিশ আধিকারিকরা ইমেলটির উৎস জানার জন্য সাইবার সেলের সাহায্য নিচ্ছেন। সত্যি কি কোনো নাশকতার ছক সাজানো হয়েছে নাকি এটি স্রেফ জনমানসে আতঙ্ক ছড়ানোর জন্য কোনো ভুয়ো ইমেল, তা খতিয়ে দেখা হচ্ছে। বম্ব স্কোয়াডের সদস্যরা প্রতিটি কক্ষ এবং আসবাবপত্র গুরুত্ব সহকারে পরীক্ষা করছেন। দিনভর পাসপোর্ট তৈরির কাজ ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন বহু আবেদনকারী। তবে নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকেই অফিসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানানো হয়েছে।
